ট্যানারির বর্জ্য ট্যানারিতেই ধ্বংস করতে হবে
১৫ জুলাই ২০১৪: ট্যানারির বর্জ্য এখানে সেখানে ফেলে না দিয়ে কিংবা বিক্রি না করে ট্যানারিতেই ধ্বংস করার দাবি জানিয়েছেন পোল্ট্রি নেতারা। আজ জাতীয় প্রেসক্লাবে ফিড ইন্ডাষ্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ফিআব) আয়োজিত “পোল্ট্রি ফিডে ট্যানারির বর্জ্য : উপায় ও প্রতিকার” শীর্ষক এক আলোচনা সভায় পোল্ট্রি নেতারা বলেন, আইন সম্মতভাবে চললে ট্যানারি শিল্পের অপরিশোধিত বর্জ্য বাইরে আসার কথা নয়। কিন্তু হাজারিবাগের কিছু অসাধু ব্যবসায়ী কম টাকায় এগুলো কিনে তথাকথিত মিট এন্ড বোনমিল তৈরি করছে।
ফিআব সভাপতি মসিউর রহমান বলেন, ফিড তৈরির একটি অত্যাবশ্যকীয় উপকরণ ‘মিট এন্ড বোনমিল’ বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু একটি অসাধুচক্র হাজারিবাগের বিষাক্ত বর্জ্য দিয়ে তথাকথিত মিট এন্ড বোনমিল তৈরি করছে। তিনি বলেন, বাংলাদেশের ৮০-৯০ শতাংশ ফিড তৈরি হচ্ছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিনে। এখানে ট্যানারির বর্জ্য মেশানোর কোন সুযোগ নাই। তবে যে সকল অসাধু ব্যবসায়িরা এটি ফিডে মেশাচ্ছে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। মসিউর বলেন, আমরা জানতে পেরেছি বান্দরবন, খাগড়াছড়ি প্রভৃতি এলাকার উপজাতিরা ট্যানারির বর্জ্য সেদ্ধ করে খাচ্ছে। এটি নিসন্দেহে উদ্বেগের বিষয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিউশনাল বায়োটেকনোলজির প্রফেসর ড. এস ডি চৌধুরি বলেন, হাজারিবাগে কোনো ফিড মিল নাই, তবে কিছু বর্জ্য ক্র্যাশিং কারখানা আছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এসব কারখানার কার্যক্রম নিষিদ্ধ করার প্রস্তাব করেন ড. চৌধুরি। তবে তিনি বলেন, শুধু নিষিদ্ধ করলেই হবেনা, আইন প্রয়োগকারি সংস্থাগুলোকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে।
পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. নাজমা শাহীন বলেন, ট্যানারির বর্জ্য যেন ফিডে মেশাতে না পারে সেজন্য নিটরিং বাড়াতে হবে। মানসম্পন্ন খাবার নিশ্চিত করতে হবে। যারা নিরাপদ খাদ্য সরবরাহে বিঘœ সৃষ্টি করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট এমদাদুল হাসান বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আইন আছে তবে এগুলো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তাছাড়া এর ফলে মানুষ ও পরিবেশের যে মারাত্মক ক্ষতি হচ্ছে সে তুলনায় ১ বছরের জেল এবং ৫০ হাজার টাকার জরিমানা খুবই সামান্য। তিনি বলেন, ফিডে ভেজাল ঠেকাতে ফিড ইন্ডাষ্ট্রিজ অ্যাসোসিয়েশন নিজেরাই মনিটরিং এর ব্যবস্থা করতে পারে। এমনকি আইনের মধ্যে থেকেই ট্রাইবুনাল গঠন করতে পারে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, এমপি বলেন- পুষ্টি চাহিদা পূরণে বাচ্চাদের আরও বেশি ডিম খাওয়ানো দরকার। ডিম ও মুরগি সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকার প্রচারণার ব্যবস্থা নেবে বলে তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, দেশের মোট প্রাণিজ প্রোটিন-চাহিদার প্রায় অর্ধেক পূরণ করছে পোল্ট্রি শিল্প। ট্যানারির বর্জ্য পোল্ট্রি সেক্টরে যে উদ্বেগ তৈরি হয়েছে তা নিরসনে - ট্যানারি মালিক, পরিবেশ অধিদপ্তর, বিশেষজ্ঞ মহণ এবং পোল্ট্রি খামারিদের এক সাথে নিয়ে প্রাণিসম্পদ মন্ত্রণালয় শীঘ্রই একটি বৈঠকের আয়োজন করবে। ট্যানারির বর্জ্য থেকে পোল্ট্রি ফিডের উপকরণ তৈরির বিষয়ে তিনি বলেন, একটি নির্দিষ্ট এলাকায় এ ঘটনা ঘটছে। এদের কারণে পুরো পোল্ট্রি শিল্প ক্ষতির সম্মুখীন হচ্ছে। চ্যানেল আই এবং ডেইলি স্টারে প্রকাশিত সংবাদ সম্পর্কে বলেন, এ বিষয়ে যথাযথ অনুসন্ধান করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হবে।
ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) সাধারন সম্পাদক রফিকুল হক বলেন, চ্যানেল আই-এ সংবাদ প্রচারের পর তিনি গবেষক ড. মুনির হোসেনের সাথে যোগাযোগ করেছিলেন। ফিডের স্যাম্পলগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে ড. মুনির তাঁকে জানান, এগুলো দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে তবে কোনো আধুনিক ফিড মিল থেকে নমুনা সংগ্রহ করা হয়নি। ইমপেক্্র মার্কেটিং এর ব্যবস্থাপনা পরিচালক মো. আফতাব আলম ডেইলি স্টারের সংবাদ প্রসঙ্গে বলেন, রিপোর্টে বলা হয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ট্যানারি বর্জ্য মিশ্রিত ফিড খাচ্ছে এমন প্রতি কেজি মুরগির মাংসে ৪ হাজার ৫৬১ মিলিগ্রাম ক্রোমিয়াম পাওয়া গেছে। এটা সম্পূর্ণ ভুল তথ্য।
আলোচনা সভায় জানানো হয় ট্যানারির বর্জ্য মিশ্রিত ফিডের পরিমান কোন মতেই শূণ্য দশমিক ২ শতাংশের বেশি নয়। পোল্ট্রি ফিডে কোন ধরনের কোন হরমোন, ক্রোমিয়াম বা ক্ষতিকারক উপাদান ব্যবহার করা হচ্ছে না। ফিডে এন্টিবায়োটিকের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে জীবন রক্ষাকারি ঔষধ হিসেবে এন্টিবায়োটিকের ব্যবহার হচ্ছে। সেক্ষেত্রে কেবলমাত্র সরকার অনুমোদিত এন্টিবায়োটিকগুলোই ডাক্তারের পরামর্শ সাপেক্ষে খামারিরা ব্যবহার করছেন।