Bangladesh Poultry Industries Central Council

পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬
Poultry News And Articles

পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬

15 September, 2016
Poultry News And Articles

পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬
৪ ক্যাটাগরি পুরস্কৃত নয়াদিগন্ত, ভোরের কাগজ, ডেইলি স্টার, সুপ্রভাত বাংলাদেশ
বাংলানিউজ২৪.কম, জিটিভি, আরটিভি ও এনটিভি’র প্রতিবেদক

২৩ নভেম্বর ২০১৬: সংবাদকর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আজ রাজধানীর সিরডাপ মিলনায়নে অনুষ্ঠিত হল পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), প্রথমবারের মত এ পুরস্কার প্রদান করে। প্রকল্প ব্যবস্থাপনায় ছিল ওয়াচডগ বাংলাদেশ। মোট ৪টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। 

‘সংবাদপত্র’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার জিয়াউল হক মিজান। দ্বিতীয় হন- দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার টুটুল রহমান এবং তৃতীয় হন- দি ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল। ‘ঢাকার বাইরে থেকে প্রকাশিত সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন’ ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার লাভ করেন চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর প্রধান প্রতিবেদক ভূঁইয়া নজরুল। 

‘টিভি ও রেডিও’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান- গাজী টিভি’র অনুষ্ঠান বিভাগের নির্বাহী প্রযোজক ড. এম বায়েজিদ মোড়ল। দ্বিতীয় হন- আরটিভি’র স্টাফ রিপোর্টার, মাইদুর রহমান রুবেল এবং তৃতীয় হন- এনটিভি’র সিনিয়র করেসপন্ডেন্ট মাকসুদুল হাসান। বার্তা-সংস্থা/অন-লাইন ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার পান বাংলানিউজ২৪.কম এর স্টাফ করেসপন্ডেন্ট রহমত উল্যাহ। 

প্রথম পুরস্কার বিজয়ীকে প্রাইজমানি হিসেবে ৫০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ীকে ৪০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার বিজয়ীকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া প্রত্যেক বিজয়ীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।  

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দৈনিক প্রথম আলো’র সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, একুশে টেলিভিশন -এর এডিটর-ইন-চীফ, মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ মফিজুর রহমান, এবং  যমুনা টেলিভিশন -এর বিজনেস এডিটর, সাজ্জাদ আলম খান তপু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) -এর প্রেসিডেন্ট মসিউর রহমান। 

‘পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬’ প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সংখ্যক মানসম্পন্ন প্রতিবেদন জমা পড়াকে ইতিবাচক বলে আখ্যায়িত করে জনাব বুলবুল বলেন- পোল্ট্রি বিষয়ক সাধারন ইস্যুর বাইরে ‘এমডিজি’, ‘এসডিজি’, ‘পোল্ট্রি রিসাইক্লিং’, ‘পোল্ট্রি শিল্পে জলবায়ু পরিবর্তনের প্রভাব’ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিবেদনগুলো পোল্ট্রি শিল্প সম্পর্কে রিপোর্টারদের আগ্রহ ও দক্ষতার স্বাক্ষর বহন করে।
 
মসিউর রহমান বলেন- স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে জনগোষ্ঠীর একটা বড় অংশের সচেতনতার অভাব আছে। পুষ্টিকর খাবার, নিরাপদ খাদ্য প্রভৃতি বিষয়েও আমাদের অনেকেই কম জানেন। তাছাড়া ডিম ও মুরগির মাংস সম্পর্কে পুরোনো ধ্যান-ধারনা এবং নেতিবাচক প্রচারণা আছে- যা দূর করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পুষ্টিকর খাদ্য- ডিম ও মুরগির মাংস নিয়ে ইতিবাচক প্রচার-প্রচারণার জন্য তিনি তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চান। প্রতিবছর নভেম্বর মাসে পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড আয়োজনের ঘোষণা দিয়ে মসিউর বলেন- দেশের জেলা শহরে সাংবাদিকদের জন্য পোল্ট্রি বিষয়ক মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। শীঘ্রই সাংবাদিকদের জন্য ফেলোশীপ ঘোষণা করা হবে।