Bangladesh Poultry Industries Central Council

তিন দিনব্যাপী নবম আর্ন্তজাতিক পোল্ট্রি শো ও সেমিনার ২০১৫ শুরু : দেশীয় চাহিদা পূরণ করে রপ্তানী শুরুর তাগিদ কৃষি মন্ত্রীর
Poultry News And Articles

তিন দিনব্যাপী নবম আর্ন্তজাতিক পোল্ট্রি শো ও সেমিনার ২০১৫ শুরু : দেশীয় চাহিদা পূরণ করে রপ্তানী শুরুর তাগিদ কৃষি মন্ত্রীর

31 August, 2015
Poultry News And Articles

ঢাকা, ফেব্রুয়ারী ১৯ : কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী  নিরাপদ মুরগী ও ডিম উৎপাদনের মাধ্যমে দেশের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানী বাড়াতে পোল্ট্রি শিল্পের উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন। তিনি সরকারের পক্ষ থেকে এ শিল্পের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বৃহস্পতিবার নবম আর্ন্তজাতিক পোল্ট্রি শো ও সেমিনার-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।  তিনি আরো বলেন, ট্যানারির বর্জ্য দিয়ে একটি অসাধু চক্র অনিরাপদ পোল্ট্রি খাদ্য তৈরি করছে। এ বিষয়ে সরকার সজাগ রয়েছে। সরকারের হস্তক্ষেপের কারণে এ ধরনের অসাধু প্রবণতা বিলুপ্ত হওয়ার পথে। ফলে ভোক্তারা নি:সন্দেহে ডিম ও মাংস খেতে পারছেন। তিনি বলেন, পোল্ট্রি শিল্পের উৎপাদন আরও বাড়াতে এবং মান উন্নয়ন করতে উদ্যোক্তা ও বিজ্ঞানীদের মেধার সমন্বয় ঘটাতে হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে কৃষি সচিব ইউনুসুর রহমান বলেন, এ খাতের অর্জন কে টেকসই করতে হবে। বর্ধিত জনসংখ্যার খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে কৃষি এবং অকৃষি উভয় সেক্টরকে কাজ করতে হবে। 

বিশেষ অতিথি প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায় বলেন, স্বাস্থ্যবান জাতি গঠনে আমাদের আরও অধিক পরিমান পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। বর্তমানের ডিম ও মুরগির মাংস গ্রহণের হারকে বাড়তে হবে। স্বাস্থ্যবান মেধাবী জাতি গড়তে হলে আরও অধিক পরিমান মুরগীর ডিম ও মাংস খেতে হবে। 

ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ই এন সিলভা বলেন, পোল্ট্রি শিল্প হচ্ছে  উন্নয়নশীল দেশগুলোর পুষ্টি চাহিদা পুরণের অন্যতম উৎস। সুতরাং এ শিল্পের উন্নয়নে সকলকে সমন্বতভাবে কাজ করতে হবে। তিনি ঘোষণা করেন আগামী বছর ৫-৯ সেপ্টেম্বর বেইজিং এ ওয়ার্ল্ড পোল্ট্রি কংগ্রেস অনুষ্ঠিত হবে। 

ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ড. আর ডব্লিউ এ ডব্লিউ মুল্ডার বলেন, বাংলাদেশ এ ধরনের পোল্ট্রি শো আয়োজনের মধ্যদিয়ে তাদের বিকাশকে তুলে ধরেছে। বিশ্বের মধ্যে বাংলাদেশ শাখা ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের সবচেয়ে বড় শাখা হিসেবে আত্বপ্রকাশ করেছে। 

ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সভাপতি মসিউর রহমান বলেন, বর্তমানে পোল্ট্রি শিল্পে ৬ মিলিয়ন মানুষ জড়িত রয়েছেন। ২০২০ সালের মধ্যে এ সংখ্যা ১০ মিলিয়নে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। দেশিয় পোল্ট্রি শিল্পের বিকাশ তরান্বিত করতে সরকারের কাছে কর সুবিধা এবং আর্থিক প্রণোদনা ঘোষণার দাবি জানান।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের পোল্ট্রি শিল্পের সবচেয়ে বড় আসর ৯ম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার-২০১৫ চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। পূর্বের যেকোন সময়ের তুলনায় এবারের আয়োজনটি হচ্ছে অনেক বেশি গুরুত্ববহ এবং আকর্ষণীয়। এবারের শো’তে ১৪৭ টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তিন দিনব্যাপী সেমিনারে ৪৭ টি টেকনিক্যাল পেপার উপস্থাপন করা হবে। বর্ধিত জনসংখ্যার ডিম ও মুরগির মাংসের চাহিদা মেটাতে এবং আগামী ২০২০ সাল নাগাদ পোল্ট্রি শিল্প যে লক্ষ্যে পৌঁছাতে চায়- তা অর্জনের ক্ষেত্রে ৯ম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার উল্লেখযোগ্য অবদান রাখবে বলে জানানো হয়। 

রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের পোল্ট্রি শো ও সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারিশ পোল্ট্রি’র পরিচালক সামসুল আরোফিন খালেদ; বক্তব্য রাখেন ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ধন্যবাদ জ্ঞাপন করেন সহ-সভাপতি আবু লুৎফে ফজলে রহমান খান