বাংলাদেশের পোল্ট্রি রাজধানী গাজীপুর: বললেন সাংসদ রাসেল
২৫ মে ২০১৫, সোমবার: গাজীপুরকে পোল্ট্রি রাজধানী হিসেবে উল্লেখ করে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ জাহিদ আহ্সান রাসেল বলেন- স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন করতে হলে প্রাণিজ আমিষ গ্রহণের পরিমান বাড়াতে হবে। বিশেষ করে ডিম ও মুরগির মাংস খাওয়ার পরিমান অন্তত: দ্বিগুন করতে হবে। আজ গাজীপুরের বঙ্গতাজ মিলনায়তনে অনুষ্ঠিত “ভিশন-২০২১ : নিরাপদ ডিম ও মুরগির মাংস নিশ্চিত করার চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়” শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে জনাব রাসেল বলেন, পুষ্টির অভাব জনিত কারণে মানবদেহে নানাবিধ রোগ দেখা দেয়। এর ফলে একদিকে যেমন স্বাস্থ্যহানী ঘটে অপরদিকে তেমনই চিকিৎসা খাতে পারিবারিক এবং রাষ্ট্রীয় ব্যয় বৃদ্ধি পায়। তাই সবার জন্যই নিরাপদ প্রাণিজ আমিষের যোগান নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার ভিশন-২০২১ নিয়ে কাজ করছে। যার অন্যতম মূল লক্ষ্য হচ্ছে প্রযুক্তিগত উৎকর্ষতা, দারিদ্রতা বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যবান জাতি গঠন এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন। বিগত কয়েক দশকে বাংলাদেশের পোল্ট্রি শিল্প অনেকখানি এগিয়েছে এবং উপরোল্লিখিত প্রায় প্রতিটি ক্ষেত্রেই অবদান রেখে চলেছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি গাজীপুরের পুলিশ সুপার, জনাব মোঃ হারুন অর রশীদ, পিপিএম, বলেন কিছু অসাধু ব্যবসায়ী নি¤œ-মানের পোল্ট্রি ফিড তৈরি করছে। আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ, র্যাব এবং ভ্রাম্যমান আদালত এসব বিষয়ে সজাগ আছে। ইতোমধ্যে এ ধরনের বেশ কিছু কারখানা উচ্ছেদ করা হয়েছে। পোল্ট্রি খামারি ও উদ্যোক্তাদের সহযোগিতা পেলে নি¤œমানের ফিড উৎপাদন ও বিক্রয় চেইনকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব। তিনি বলেন, পোল্ট্রি খামারিরা অনেক ক্ষেত্রেই চাঁদাবাজির শিকার হচ্ছেন। “আপনাদের সহযোগিতা পেলে এসব দুস্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করবে বাংলাদেশ পুলিশ”।
গাজীপুরের সিভিল সার্জন, ডাঃ মোঃ আলী হায়দার খান বলেন, সারাবিশ্বেই এখন ‘রেড মিট’ -এর পরিবর্তে ‘সাদা মাংস’ অর্থাৎ মুরগির মাংসের জনপ্রিয়তা বাড়ছে। খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)’র মতে জনপ্রতি নূন্যতম ডিম খাওয়া উচিত বছরে ১০৪ টি। অথচ বাংলাদেশের মানুষ খাচ্ছে বছরে গড়ে মাত্র ৪৫-৫০টি। জাপানের মানুষ খাচ্ছে প্রায় ৬০০টি ডিম। বাংলাদেশে জনপ্রতি মুরগির মাংস খাওয়ার পরিমান বছরে মাত্র ৩ দশমিক ৬৩ কেজি। উন্নত বিশ্বে খায় প্রায় ৪৫-৫০ কেজি। তাই ভবিষ্যত প্রজন্মের জন্য প্রাণিজ আমিষ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ মোঃ মেহেদী হোসেন বলেন, জনবহুল এদেশের জন্য খাদ্য ও পুষ্টির যোগান নিশ্চিত করা সত্যিই একটি বড় চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারনে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে ভাতের পাশাপাশি প্রাণিজ আমিষ গ্রহণের পরিমান বাড়াতে না পারলে মেধার বিকাশ বাধাগ্রস্ত হবে।
বিপিআইসিসি’র কোষাধ্যক্ষ ডা. নজরুল ইসলাম বলেন, আমরা প্রায়ই শুনছি স্কুলের টিফিন খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। সপ্তাহে ২/৩ দিন প্রত্যেক ছাত্র-ছাত্রীকে একটা করে সেদ্ধ ডিম দিলে বাচ্চারা সুস্থ্য ও স্বাস্থ্যবান থাকবে, মেধাবী হবে।
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এম.এম খান বলেন, খামারিদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে হবে এবং পোল্ট্রি সেক্টরকে আগামী ২০২১ পর্যন্ত করমুক্ত সেক্টর হিসেবে ঘোষণা করতে হবে। তিনি বলেন, পোল্ট্রি খাতের উন্নয়নের জন্য সরকার ও বেসরকারি উদোক্তাদের এক হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটি (বিপিআইসিসি) এর আহ্বায়ক জনাব মসিউর রহমান বলেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, ভিশন-২০২১ কিংবা মধ্যম আয়ের দেশ হিসেবে সক্ষমতা অর্জন- যে কথাই বলি না কেন, সবার আগে জনগণের জন্য খাদ্য, পুষ্টি এবং প্রাণিজ আমিষের পর্যাপ্ত যোগান নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ডিম ও মুরগির মাংস নিয়ে আমাদের দেশের মানুষের মাঝে অনেক ভুল ধারনা আছে। এগুলোর প্রচার বন্ধ করতে হবে। জনাব মসিউর বলেন, জনসচেতনা বাড়ানোর লক্ষ্যে বিপিআইসিসি দেশব্যাপী কার্যক্রম হাতে নিয়েছে যার সূচনা হলো গাজীপুর থেকে। তিনি বলেন, স্বল্পমেয়াদী কাজের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর মাস নাগাদ বেসরকারি টিভি চ্যানেলে পোল্ট্রি বিষয়ে একটি রিয়েলিটি শো, বিভাগীয় শহরে গল্প উৎসব এবং দীর্ঘমেয়াদী কাজের অংশ হিসেবে সাংবাদিকদের জন্য পোল্ট্রি বিষয়ে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিপিআইসিসি। চলতি বছরের শেষ নাগাদ সংবাদপত্র, টিভি, সংবাদ সংস্থা এবং অন-লাইনমিডিয়ার জন্য অ্যাওয়ার্ড ঘোষণা করা হবে।
সকাল সাড়ে ৯টায় গাজীপুরের সব ক’টি উপজেলা থেকে আগত খামারী ও উদ্যোক্তা, স্কুলের শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, পুষ্টিবিদ, মসজিদের ইমামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ পোল্ট্রি র্যালিতে অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ১০টায় শহরের পিটিআই স্কুলের শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়।